সম্ভাব্য মন্ত্রিসভা সদস্য হিসেবে যাঁদের নাম আলোচনায় রয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসন পেয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক পর দলটি সরকার গঠনের পথে। এখন রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচনার বিষয় নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন।

শপথ ও সরকার গঠনের প্রস্তুতি

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরই নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, সাংবিধানিক বিধান অনুযায়ী দ্রুত শপথ আয়োজন করা হবে। গেজেট প্রকাশের পর থেকেই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে তাঁরা আশা করছেন।

মন্ত্রিসভা: নবীন-প্রবীণের সমন্বয়

দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে। ত্যাগ, অভিজ্ঞতা ও বিষয়ভিত্তিক দক্ষতার ভিত্তিতে সদস্য বাছাই করা হবে। আকারে বড় নয়, বরং কার্যকর ও দক্ষ একটি মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত দিয়েছে দলটি। মনোনয়ন না পাওয়া অভিজ্ঞ নেতাদেরও মূল্যায়নের কথা বলা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক যাত্রা নতুনভাবে শুরু হয়েছে এবং রাষ্ট্র কাঠামো ও সংবিধানের প্রয়োজনীয় সংস্কারই হবে সরকারের লক্ষ্য। দল ঘোষিত ইশতেহার ও ‘জাতীয় সনদ’-এ বর্ণিত অঙ্গীকার বাস্তবায়নের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

তারেক রহমানের নেতৃত্ব

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। তাঁর নেতৃত্বে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তিনি হবেন দেশের ১১তম প্রধানমন্ত্রী।

সম্ভাব্য মন্ত্রিসভা সদস্যরা

দলীয় ও রাজনৈতিক মহলে যাঁদের নাম আলোচনায় রয়েছে, তাঁদের মধ্যে আছেন—

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ড. খন্দকার মোশাররফ হোসেন
  • মির্জা আব্বাস
  • গয়েশ্বর চন্দ্র রায়
  • ড. আব্দুল মঈন খান
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • ইকবাল হাসান মাহমুদ টুকু
  • হাফিজ উদ্দিন আহম্মদ
  • এ জেড এম জাহিদ হোসেন
  • রুহুল কবীর রিজভী
  • হাবীব-উন-নবী খান সোহেল

এ ছাড়া জোটসঙ্গী দলগুলোর মধ্য থেকেও কয়েকজনের নাম আলোচনায় আছে, যেমন—

  • আন্দালিব রহমান পার্থ
  • জোনায়েদ সাকি
  • নুরুল হক নুর
  • ববি হাজ্জাজ

টেকনোক্র্যাট কোটায়ও কয়েকজনের নাম শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

উপদেষ্টা ও বিশেষ দায়িত্ব

প্রধানমন্ত্রীর সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে যেতে পারেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। পাশাপাশি উপদেষ্টা পর্যায়েও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।

সব মিলিয়ে, শপথের পরপরই নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রাজনৈতিক অঙ্গনে এখন নজর—চূড়ান্ত তালিকায় কারা জায়গা পান এবং কীভাবে বাস্তবায়িত হয় বিএনপির ঘোষিত সংস্কার ও ইশতেহার।

-এমইউএম