দীর্ঘস্থায়ী ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মোজাম্বিকের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ মানবিক সহায়তা প্রদান করেছে।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি বুধবার মোজাম্বিকের রাজধানী মাপুতোর পররাষ্ট্রমন্ত্রী মানুয়েলা দোস সান্তোস লুকাসের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় মুদ্রায় ১০ লাখ টাকা সমপরিমাণ অর্থের একটি চেক হস্তান্তর করেন।
এ তথ্য বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোজাম্বিক আন্তর্জাতিক মানবিক সহায়তা চেয়েছিল, কারণ এক মাসব্যাপী ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ফসল, জীবিকা ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং এতে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সংকট তৈরি হয়েছে।
বৈঠকে হাইকমিশনার শফি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন এবং দুর্যোগজনিত দুর্ভোগ থেকে দ্রুত উত্তরণের কামনা করেন।
তিনি বলেন, এই সহায়তা বাংলাদেশের পক্ষ থেকে মোজাম্বিকের প্রতি সমর্থন ও বন্ধুত্বের প্রতীক।
মোজাম্বিকে বাংলাদেশের সম্মানসূচক কনসাল জেনারেল ইউসুফ মিরালি চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-সাইমুন










