বাধ্য করা হলে রাজপথে নামবো: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং দলকে সমর্থন করেছেন, তাঁদের পাশে জামায়াত আগেও ছিল, এখন আরও দৃঢ়ভাবে থাকবে। বাধ্য করা হলে রাজপথেও নামার ঘোষণা দেন তিনি।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। এর আগে তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠকে অংশ নেন।

‘অনিয়ম হলে দায় নিতে হবে’

জামায়াত আমির বলেন, নির্বাচনে হার-জিত থাকবেই; তবে তা স্বাভাবিক হলে সমস্যা নেই। কিন্তু বড় ধরনের বৈষম্য বা অনিয়ম হলে তা মেনে নেওয়া যায় না। তিনি অভিযোগ করেন, ইতিবাচক রাজনৈতিক অবস্থান জানানোর পরও দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে, যা “ফ্যাসিবাদী লক্ষণ”।

তিনি বলেন, হামলা-ভাঙচুর ও হুমকি-ধমকির দায় সংশ্লিষ্টদের নিতে হবে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল সরকার গঠন করলে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

‘যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবো’

ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে দল “যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে”। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “আমরা নিরীহ দেশবাসীর পাশে আছি। গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম, এখন আরও শক্তভাবে থাকব। যদি বাধ্য করা হয়, তাহলে রাজপথেও আমরা নামব।”

-এমইউএম