হলিউড চরিত্রে ফারহান আখতার

ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফারহান আখতার এবার পাড়ি জমাচ্ছেন হলিউডের অভিজাত আঙিনায়। তবে কোনো সাধারণ চরিত্রে নয়, আন্তর্জাতিক পর্দায় তিনি হাজির হতে যাচ্ছেন এক কিংবদন্তির বেশে। বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বিটলস’-এর বায়োপিক প্রজেক্টে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মহীরুহ পন্ডিত রবিশঙ্করের ভূমিকায় দেখা যাবে তাকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেসের মেগা প্রজেক্টে যুক্ত হয়েছেন ফারহান। সোনি পিকচার্সের ব্যানারে নির্মিত এই প্রজেক্টটির নাম রাখা হয়েছে ‘দ্য বিটলস – আ ফোর ফিল্ম সিনেম্যাটিক ইভেন্ট’।

পন্ডিত রবিশঙ্কর ছিলেন ভারতীয় সংস্কৃতির বিশ্বদূত। তার মার্জিত ব্যক্তিত্ব, তপোবনসম সঙ্গীতের গভীরতা এবং বিশ্বমঞ্চে তার প্রভাবকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যেকোনো অভিনেতার জন্যই বড় চ্যালেঞ্জ। তবে ফারহান আখতারের মতো একজন সুনিপুণ শিল্পী এই চরিত্রের প্রতি পূর্ণ বিচার করবেন বলে আশাবাদী চলচ্চিত্রবোদ্ধারা।

-বিথী রানী মণ্ডল