ঢাকা–১৩ আসনে ববি হাজ্জাজ বিজয়ী

ঢাকা–১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক, যিনি বাংলাদেশ খেলাফত মজলিস–সমর্থিত ১১–দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচন করেন, পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট। ফলে ববি হাজ্জাজ ২ হাজার ৩২০ ভোটের ব্যবধানে জয়ী হন।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মামুনুল হক তাঁর আসনে বাতিল হওয়া ২ হাজার ৩০০ ভোট নিজের দাবি করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় তাঁকে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং হিজড়া ভোটার ৮ জন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও কয়েকজন প্রার্থী। তাঁদের মধ্যে ছিলেন গণঅধিকার পরিষদ–এর মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি–এর মো. শাহাবুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)–এর খালেকুজ্জামান, বাংলাদেশ মুসলিম লীগ–এর শাহরিয়ার ইফতেখার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ–এর ফাতেমা আক্তার মুনিয়া এবং স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

সাবরিনা রিমি/