উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে লুৎফুজামান বাবরের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন জোরালো হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজামান বাবর উন্নয়ন ও জননিরাপত্তা ইস্যুকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।

গত কয়েক সপ্তাহ ধরে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে উঠান বৈঠক, পথসভা ও দলীয় সভায় অংশ নিয়ে সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এসব কর্মসূচিতে তার পরিবারের সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। স্থানীয় বিএনপি নেতাদের মতে, দীর্ঘদিন পর বাবরের সরাসরি মাঠে উপস্থিতিতে ভোটারদের মধ্যে নতুন আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

গণসংযোগকালে বাবর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জননিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানামুখী সমস্যায় জর্জরিত। সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে এ অঞ্চলের টেকসই উন্নয়ন সম্ভব।”

এ আসনে বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জলি তালুকদার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিজ নিজ রাজনৈতিক কর্মসূচি ও প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তবে পরে তা প্রত্যাহার করেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও জননিরাপত্তা ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ভোটারদের একাংশ মনে করছেন, অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে লুৎফুজামান বাবর এলাকার সমস্যা ও চাহিদা সম্পর্কে ভালোভাবে অবগত। তবে শেষ পর্যন্ত কার পক্ষে ভোটের পাল্লা ভারী হবে, তা ভোটের দিনেই নির্ধারিত হবে।

-মহসিন মিয়া,নেত্রকোনা