ঢাকা–১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী

ঢাকা–১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারি ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। ফলে তিনি ২১ হাজার ৬১৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

ফল ঘোষণার আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এই আসনের ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ তোলে জামায়াত। দলটির পক্ষ থেকে বলা হয়, ঢাকার অন্যান্য আসনের ফল নির্বাচন কমিশনে পৌঁছালেও দীর্ঘ সময় ধরে ঢাকা–১৫ আসনের ফল ঘোষণা আটকে রাখা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা–১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ছিলেন শফিকুর রহমান (দাঁড়িপাল্লা), শফিকুল ইসলাম খান (ধানের শীষ), সামসুল হক (লাঙ্গল), আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), খান শোয়েব আমান উল্লাহ (কলম), মোবারক হোসেন (একতারা), আশফাকুর রহমান (মোটরগাড়ি) ও নিলাভ পারভেজ (প্রজাপতি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

সাবরিনা রিমি/