মাগুরা-১ ও ২ আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার দুইটি আসনের মোট ৩০১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতেই কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন হয়।

মাগুরা-১ আসনে মোট কেন্দ্র ছিল ১৫৬টি এবং সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনোয়ার হোসেন খান (প্রতীক-ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (প্রতীক-দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৬৯১ ভোট।

অন্য প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম (প্রতীক-হাতপাখা) পেয়েছেন ১৩ হাজার ৪১৪ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৪ হাজার ৬১৩ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৬৯৫।

মাগুরা-২ আসনে মোট ১৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (প্রতীক-ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক এম বি বাকের (প্রতীক-দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।

অন্য প্রার্থী মুফতি মোস্তফা কামাল (প্রতীক-হাতপাখা) পেয়েছেন ১৬ হাজার ২২৩ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৩২ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৩ হাজার ৯৮০।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গণনা শেষে বেসরকারিভাবে দুই আসনেই বিএনপি প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

-বেলাল