সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারী নারীদের জন্য পৃথক ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে জানাজা শুরুর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশব্যাপী বিরাজমান গভীর শোকের আবহে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে নারী মুসল্লিরা যাতে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিশেষ ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জানাজায় বিপুল জনসমাগম ও নিরাপত্তার কঠোর কড়াকড়ির কারণে অংশগ্রহণকারী কাউকেই কোনো ধরনের ব্যাগ বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তল্লাশি প্রক্রিয়া দ্রুত ও নিশ্ছিদ্র রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বেলা ১১টা ৪ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী কফিন মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কফিনের সঙ্গে রয়েছেন তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় এখন মানুষের তিল ধারণের ঠাঁই নেই।
-এম. এইচ. মামুন










