ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে কোনো কেন্দ্রে অপেক্ষমাণ ভোটারের দীর্ঘ সারি থাকলে, ভোটগ্রহণের সময় শেষ হওয়ার পরও তাঁদের ভোট গ্রহণ করা হবে।

ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনার কাজ শুরু হবে। ফলাফলের অপেক্ষা চলছে।

সারাদেশে ভোটগ্রহণ সাধারণভাবে শান্তিপূর্ণ ছিল। দুই জেলায় ককটেল বিস্ফোরণসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা জানা গেছে। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিছু অভিযোগও এসেছে।

এই নির্বাচন হচ্ছে গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর আড়াই বছর পর প্রথম নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত ভোট।

একই সঙ্গে ভোটাররা গণভোটের মাধ্যমে সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’–‘না’ ভোট দিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

-এমইউএম