জয় পেলে মিছিল নয়, সেজদায় শোকর আদায় করবে জামায়াত: আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, দল বিজয়ী হলে কোনো ধরনের মিছিল, স্লোগান বা উচ্ছ্বাস প্রকাশ করা হবে না; বরং নেতাকর্মীরা সেজদায় পড়ে আল্লাহর কাছে শোকর আদায় করবেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ডা. শফিকুর রহমান লেখেন, মহান আল্লাহর অনুগ্রহে যদি ‘মজলুমদের বিজয়’ আসে, তবে তা উদ্‌যাপন নয়, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের মধ্য দিয়ে গ্রহণ করা হবে। একই সঙ্গে জাতির সেবায় সফল হতে সবার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষের পর এখন চলছে গণনার প্রস্তুতি।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা বক্তব্য দিচ্ছেন। এর মধ্যেই জামায়াত আমিরের এই বার্তা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সাবরিনা রিমি/