তিন আসনে ভোট স্থগিতের দাবি জামায়াতের

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা, পটুয়াখালী ও শরীয়তপুর জেলার তিনটি আসনের ভোট স্থগিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এগুলো হলো; কুমিল্লা-৮, পটুয়াখালী-১ এবং শরীয়তপুর-২ আসন। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এসব আসনে প্রার্থীদের মারধর, এজেন্টদের বের করে দেওয়া ও ভোটারদের হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান জামায়াতের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের জানান, তিনটি আসনের ভোট স্থগিতের দাবি জানানো হয়েছে।

মোয়াজ্জেম হোসেন বলেন, কুমিল্লা-৮, পটুয়াখালী-১ ও শরীয়তপুর-২ আসনের কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে। তাই এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের জন্য ভোট স্থগিতের দাবি তাদের।

বরুড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৮ আসনে জামায়াতের প্রার্থী শফিকুল আলম হেলাল। অন্য দলের প্রার্থীদের মধ্যে আছেন, বিএনপির জাকারিয়া তাহের, জাতীয় পার্টির এইচ এম এম ইরফান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম ছাদেক। পটুয়াখালী-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির মোহাম্মদ আব্দুল ওহাব। বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। অপরদিকে শরীয়তপুর-২ আসনে জামায়াতের প্রার্থী মাহমুদ হোসেন। বিএনপির সফিকুর রহমান কিরন।

আগারগাঁওয়ে ইসি ভবনে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অনিয়মের প্রমাণ হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট লিংক জমা দিয়েছি।’ তিনি বলেন, কুমিল্লার একটি আসনে জামায়াতের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করাহ হয়েছে। নরসিংদী, নোয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনাও ইসির কাছে তুলে ধরা হয়েছে।

-বেলাল