রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকা ঘুরে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ভোটগ্রহণের শুরু থেকে বিকাল পর্যন্ত তিনি ভোটকেন্দ্র ঘুরে সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর তিনি ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন। প্রথমে মহাখালী এলাকার একটি কেন্দ্র ঘুরেন। এরপর তিনি সাততলা বস্তি, করাইল বস্তি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মিরপুর ডিওএইচএস, মিরপুর-১৪, ভাষানটেক, মিরপুর-১০, টেকনিক্যাল এলাকা, ধানমন্ডি-২৭ ও ধানমন্ডি-৩২ এবং কারওয়ান বাজার হয়ে গুলশান এলাকার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কর্তব্যরত পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন। তার উপস্থিতি দেখে অনেক ভোটার আবেগাপ্লুত হন এবং অনেকে তার সঙ্গে ছবি তুলতে থাকেন।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

-এমইউএম