পোলিং কর্মকর্তার ভুলে ভোট দিতে পারলেন না বৃদ্ধা, দায়িত্ব থেকে প্রত্যাহার

ঢাকা-১৯ আসনের আশুলিয়া এলাকায় একটি ভোটকেন্দ্রে পোলিং কর্মকর্তার অসতর্কতার কারণে এক বৃদ্ধা নারী ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট পোলিং কর্মকর্তা বিপারুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-১) এর মহিলা বুথে এ ঘটনা ঘটে।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, একজন ভোটারের উপস্থিতি চিহ্নিত করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ভুলক্রমে অন্য সিরিয়াল নম্বরে টিক চিহ্ন দেন। পরে জাহানারা বেগম নামে এক বৃদ্ধা ভোট দিতে এলে দেখা যায় তার নামের পাশে আগেই টিক দেওয়া রয়েছে। ফলে নিয়ম অনুযায়ী তার ভোট গ্রহণ সম্ভব হয়নি।

তিনি বলেন, বিষয়টি জানার পর সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এটি অনিচ্ছাকৃত ভুল, কোনো ধরনের কারচুপি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামও বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে এটি মানবিক ভুল বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, কেন্দ্রটিতে মোট ৩ হাজার ১৩৩ জন ভোটার রয়েছেন। বেলা ১২টা পর্যন্ত ৯৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।

-সাবরিনা রিমি