ঢাকা-১৩ আসনের ১১ দল সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হক অভিযোগ করেছেন, কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পৌনে ৩টার দিকে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “কিছু কেন্দ্রের ভেতরে অব্যবস্থাপনা আছে। কিছু জায়গায় কেন্দ্রের বাইরে আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “রায়ের বাজারে ৩৪ নম্বর ওয়ার্ডে বিএনপির সভাপতি রাজেশ খানের নেতৃত্বে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ইউসেফ স্কুল কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ৩৪ নম্বর ওয়ার্ডের প্রায় সব কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া আগারগাঁও-তালতলা এলাকায়ও কিছু কেন্দ্রে ঝামেলা হচ্ছে।”
তিনি দাবি করেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হলে নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি হবে।
-এমইউএম










