কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে কমিশন। আজ রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা সংক্রান্ত ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। আদালত একইসঙ্গে এই আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনে জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম। রিটকারীর আইনজীবীরা জানান, পূর্বে কুমিল্লা-২ আসনটি মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত ছিল। কিন্তু ইসি নতুন গেজেটে মেঘনা উপজেলাকে কুমিল্লা-১ আসনে সরিয়ে নিয়ে সেখানে হোমনা উপজেলাকে যুক্ত করে। অর্থাৎ বর্তমানে কুমিল্লা-২ আসনটি হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত। হাইকোর্টের রায়ের ফলে এই সীমানা আগের অবস্থায় (মেঘনা ও তিতাস) ফিরে যাওয়ার আদেশ আসে।
এর আগে গত বছরের ২৪ সেপ্টেম্বর এক রুলে আদালত জানতে চেয়েছিলেন, কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ ঘোষণা করা হবে না। সেই রুলটি যথাযথ ঘোষণা করেই গত ৮ জানুয়ারি রায় দেন হাইকোর্ট।
হাইকোর্টের রায়ের ফলে নির্বাচনী প্রস্তুতির শেষ সময়ে সীমানা পুনর্বিন্যাস নিয়ে নতুন জটিলতা তৈরি হয়। এই প্রেক্ষাপটে ইসি আপিল বিভাগে আবেদন করেছে। আজ চেম্বার আদালতে শুনানির পর নির্ধারিত হবে কুমিল্লা-২ আসনের নির্বাচনী সীমানা শেষ পর্যন্ত কোন অবস্থায় থাকছে।
–লামিয়া আক্তার