ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোট দেন। এর আগে একই কেন্দ্রে ভোট দেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্ত ও ভালো আছে। পরেরটা তো এখন বলতে পারব না। আমি বলতে পারব এখনকার পর্যন্ত। এ পর্যন্ত ভালো আছে। তবে ভোটারের টার্নআউট কম। আরও বেশি হওয়া উচিত ছিল, এখনো হয়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো ১০০ ভাগ আশাবাদী। কোনো ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেওয়া হবে না। ইঞ্জিনিয়ারিং যদি হয় মেনে নেওয়া হবে না।
আরেক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, আমি ভোট কারচুপি ও ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে বরাবরের মতোই আশঙ্কা করছি, এখনো করছি।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশসহ ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৭টায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। দুপুরের দিকে কিছু কিছু কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে।
এদিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তাদের উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
-এমইউএম










