কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণায় সংহতি প্রকাশ করেছেন তার শৈশবের সহপাঠীরা। হাসনাতের নির্বাচনী ব্যয় মেটাতে তার স্কুলের বন্ধু ও সহপাঠীরা সম্মিলিতভাবে ১৪ লাখ টাকার একটি তহবিল প্রদান করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘২০১৪ ব্যাচ’-এর এক পুনর্মিলনী অনুষ্ঠানে এই অর্থ হাসনাতের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন হাসনাত আবদুল্লাহ। ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকশ সহপাঠী একত্রিত হন। বন্ধুদের পক্ষ থেকে হাসনাতের নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকার চেক তুলে দেওয়ার সময় এক আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
সহপাঠীদের এই অনন্য উপহার গ্রহণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে এসে স্মৃতিগুলো নতুন করে নাড়া দিয়েছে। আমাদের সব উত্থানের সূচনা এই স্কুল থেকেই। আজ আমরা যারা দেশে-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তাদের সবার শিকড় এই বিদ্যালয়। স্কুলজীবন শেষ হওয়ার পরও বন্ধুদের সঙ্গে এই অটুট সম্পর্ক আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও যোগ করেন, অনেক বন্ধু বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকলেও এই পুনর্মিলনী এবং নির্বাচনী লড়াইয়ের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো প্রমাণ করে যে বন্ধুত্ব কোনো দূরত্বের সীমানা মানে না।
অনুষ্ঠানে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির এবং জসিম উদ্দিন উপস্থিত থেকে প্রাক্তন ছাত্রদের এই ভ্রাতৃত্ববোধের প্রশংসা করেন। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ প্রার্থীর প্রতি তার প্রজন্মের এই অকুণ্ঠ সমর্থন দেবীদ্বারের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।
–লামিয়া আক্তার










