নোয়াখালীর হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রের বাইরে এই হামলার ঘটনা ঘটে। চরঈম্বর বাংলা বাজার কেন্দ্রের দিকে যাচ্ছিলেন হান্নান মাসুদের গাড়ী বহরে থাকা বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিন। সন্ত্রাসীরা তার মাথা ও পিঠে কোপ দিয়ে আহত করে, পাশাপাশি তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবকেও মারধর করে।
সদর পৌরসভার ওচখালী বাজার কেন্দ্রেও হামলার ঘটনা ঘটে। এখানে হান্নান মাসুদের সমর্থক আব্দুল কাদের ও তার ছেলে মো: ফয়সাল আহত হন। এছাড়া বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নেও নেতাকর্মীদের ওপর হামলার খবর পাওয়া গেছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জন আহত ব্যক্তি ভর্তি হন। এদের মধ্যে চারজনকে ভর্তি রাখা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।
হাতিয়া উপজেলা এনসিপির আহবায়ক শামছুল তিব্রিজ বলেন, বিভিন্ন কেন্দ্রে তাদের নেতাকর্মীদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় হামলাও হয়েছে। যানবাহনের অভাবে অনেককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রশাসনকে এই বিষয়ে অবহিত করা হয়েছে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম জানান, কয়েকটি স্থানে হামলার খবর শুনেছেন, তবে তিনি নির্বাচনের দায়িত্বে ব্যস্ত থাকায় অভিযোগ প্রাপ্তির পর ব্যবস্থা নেওয়া হবে।
সাবরিনা রিমি/










