ভোট দিয়ে অনন্ত জলিলের বার্তা

উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজধানীসহ সারা দেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে উৎসবের আমেজ। এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী বর্ষা।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল বলেন, ‘আমি চাই দেশের সকল মানুষের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠুক। প্রতিটি নাগরিক যেন স্বচ্ছভাবে ভোট দিতে পারে এবং দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।’ তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সবার সচেতন অংশগ্রহণ জরুরি।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিচ্ছেন। কেন্দ্রজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো, যা ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়িয়েছে।

ঢাকা-১৩ আসনে এবারের নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হক এবং বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের মধ্যে মূল লড়াই হচ্ছে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত ঘনিষ্ঠ এবং উত্তেজনাপূর্ণ। তিনজন প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান কম হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোহাম্মদপুরের কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়।

এছাড়া নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, ভোটগ্রহণ ও ভোট গণনা—উভয় প্রক্রিয়াই স্বচ্ছ ও নিরাপদভাবে সম্পন্ন হবে। সব মিলিয়ে রাজধানীর এই আসনে ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণে জমে উঠেছে নির্বাচনী লড়াই।

-বিথী রানী মণ্ডল