ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার ভোটাররা ‘জেন-জি’ এবং তারা শাপলাকলিতে ভোট দিতে গিয়ে যদি কেউ গ্যাঞ্জাম করতে চায়, তাহলে তারা গ্যাঞ্জামে চলে যাবে। তখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে না। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময়ও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে ছিল না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জেন-জিদের ক্ষ্যাপাবেন না। তাদের সুষ্ঠু মতো ভোট দিতে দিন। নারীরা দলে দলে শাপলাকলিতে ভোট দিতে আসছেন। তাদের সঙ্গে কোনো ঝামেলা করবেন না।”
তিনি বলেন, “কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। আমরা শক্ত হাতে তাদের দমন করবো। তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব।”
এনসিপির এই নেতা বলেন, “আমাকে ভোট দিলে সেই ভোট আসলে আমাকে নয়, বরং ওসমান হাদি ভাইকে দেওয়া হচ্ছে। আমার বিজয় হলে সেটি আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে।”
তিনি বলেন, “শাপলা পুলিশ জোয়ার দেখে কেউ কেউ ভয় পাচ্ছে। গতকাল অনেকে স্ট্যাটাস দিয়েছে দেখলাম, কারো কারো নাকি মাথায় হাত পড়েছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “জেন-জিদের যে ভালোবাসা পাচ্ছি সেটি আমাকে উৎসাহ দিচ্ছে। তারা আমার জন্য অনেক রাত জেগে কাজ করেছেন। তারা কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে ভোট দিতে আসবেন।”
নির্বাচনে কোনো কারণে হেরে গেলে এখন যে পরিশ্রমটা করছি, সেটি দ্বিগুণ করে দেবেন বলেও জানান তিনি।
হেরে গেলে সরকার দলের সঙ্গে একসঙ্গে কাজ করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “আমার ওপর যারা হামলা করার চেষ্টা করেছিলেন, আমি তাদের মাফ করে দিয়েছি, এটা আগেই বলেছি। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।”
-এমইউএম










