তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বে শুভেচ্ছা জানাল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। মঙ্গলবার আলাদা অভিনন্দন বার্তায় একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সব সংসদ সদস্যকেও অভিনন্দন জানানো হয়।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অভিনন্দন বার্তায় বলেন, আশা করি, তারেক রহমান ও তাঁর দলের প্রতি জনগণ যে দায়িত্বভার দিয়েছে, তা পালন করতে তিনি সমর্থ হবেন। তাঁর নেতৃত্বে দ্রুত দেশে আইনের শাসন ও সাংবিধানিক ধারা ফিরে আসবে। সংবিধানে বর্ণিত মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার নিরাপত্তা, নারী অধিকারসহ সব সাংবিধানিক অধিকার মানুষ যথাযথভাবে ভোগ করতে পারবে।

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত এবং সার্বভৌমত্ব সুরক্ষিত হবে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর আলাদা বিবৃতিতে আশা ব্যক্ত করেন, তারেক রহমানের যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতি বর্তমান ক্রান্তিকাল উত্তরণে সক্ষম হবে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি সেলিম রহমান, সহসভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী এবং পরিচালনা পর্ষদের অভিনন্দন বার্তায় বলা হয়, নতুন সরকার দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। বিশেষ করে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, শ্রমিককল্যাণ নিশ্চিতকরণ, নতুন বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নেবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) অভিনন্দন বার্তায় বলা হয়, দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করেছে। যারা আগামীতে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে প্রচেষ্টা নেবে।

এ ছাড়া বিবৃতি দিয়ে অভিনন্দন জানায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ও প্রাথমিক শিক্ষক সমিতি।

-সাইমুন