“তিন ঘণ্টা কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, এই সময়ে কী হয়েছে জানতে চাই” —নাসীরুদ্দিন

ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপির প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন, তাদের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, ওই কেন্দ্রে তিন ঘণ্টা তাদের এজেন্ট কেন্দ্রে ছিল না এবং এই সময় কী ঘটেছে তা সিসিটিভি ফুটেজ দেখে জানা উচিত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

পাটোয়ারী বলেন, “আমি সকাল থেকে অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, কিন্তু মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের এই কেন্দ্রে সমস্যা হয়েছে। আমাদের এজেন্টকে এক ঘণ্টা বিলম্ব করে ঢুকতে দেওয়া হয়েছে। এটা বাড়াইতে বাড়াইতে তিন ঘণ্টা পর্যন্ত নিয়ে গিয়েছে।”

তিনি বলেন, “এই তিন ঘণ্টা কেন্দ্রের ভেতর আমাদের এজেন্ট ছিল না। এই সময়ে কেন্দ্রের ভেতরে কী হয়েছে এটা আমরা জানতে চাই। আমাদের এজেন্টকে যখন বাইরে রাখা হয়েছে তখন এই তিন ঘণ্টা কী করা হয়েছে সেটার সিসিটিভি ফুটেজ উদ্ধার করে সবার সামনে জানানো হোক।”

নাসীরুদ্দিন আরও বলেন, “আমি এজেন্টের সাথে কথা বলে জানতে পেরেছি তাকে প্রশাসনের লোক চেক করেনি। চেক করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা, মির্জা আব্বাসের লোক।”

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অভিযোগের যথাযথ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দাবি জানান নাসীরুদ্দিন পাটোয়ারী।

এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

-এমইউএম