ভোটের দিনে রিকশার ভাড়া বেড়েছে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে গণপরিবহন ও অন্যান্য যানবাহন সীমিত থাকায় বেশিরভাগ ভোটারই রিকশায় করে কেন্দ্রে আসছেন। এতে রিকশার চাহিদা বেড়ে যাওয়ায় ভাড়াও দ্বিগুণ হরে বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার ভোট দিতে আসা সোহান ইসলাম বলেন, গাড়ি চলছে না। তাই বাধ্য হয়ে রিকশায় আসতে হয়েছে। ভাড়া একটু বেশি নিয়েছে, তবুও ভোট দিতে এসেছি। মিরপুর কল্যাণপুর এলাকার রিকশাচালক বাবুল মিয়া বলেন, আজ যাত্রী বেশি। সকাল থেকেই কেন্দ্রের দিকে ট্রিপ দিচ্ছি। গাড়ি কম থাকায় আমাদের ওপর চাপও বেশি।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গণপরিবহন সীমিত থাকলেও ভোটারদের অংশগ্রহণে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।