দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা এলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সম্ভাব্য তারিখ। আগামী ১২ মার্চ বা এর দু-এক দিন আগেই বসতে পারে নতুন সংসদের এই ঐতিহাসিক অধিবেশন। শনিবার রাতে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের পর দ্রুততম সময়ে গেজেট প্রকাশ হওয়ায় আগামী ১৪ মার্চের মধ্যেই সংসদ বসার বাধ্যবাধকতা ছিল। সেই হিসেবে ১২ মার্চ অধিবেশন শুরুর প্রস্তুতি নিচ্ছে সরকার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কার্যপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। অধিবেশনের শুরুতেই প্রথা অনুযায়ী সংসদ সদস্যরা তাঁদের অভিভাবক হিসেবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন জরুরি ও জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনি বৈধতা এবং স্থায়ী অনুমোদনের জন্য সংসদে উপস্থাপন করা হবে। এ ছাড়া সংসদের রীতি অনুযায়ী, বিগত সময়ে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব পেশ ও সর্বসম্মতিক্রমে তা গৃহীত হবে।
ইতিমধ্যে তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকছে জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা। বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান, উপনেতা হিসেবে সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করলেও স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদের জন্য এখনো কোনো নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেনি ক্ষমতাসীন দল বিএনপি। ধারণা করা হচ্ছে, ১২ মার্চের অধিবেশনেই এসব পদে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।
–লামিয়া আক্তার










