চার প্রযুক্তির নজরদারিতে ভোটগ্রহণ, লাইভ ফিডে সার্বক্ষণিক পর্যবেক্ষণে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। বডি ওর্ন ক্যামেরা, সিসি ক্যামেরা, ড্রোন ও বিমানবাহিনীর ইউএভি’র লাইভ ভিডিও ফিডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় নির্বাচন ভবনে অবস্থিত কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে গিয়ে এমন চিত্র দেখা যায়।
আইন-শৃঙ্খলা সমন্বয় সেল সূত্র জানায়, সকাল সাড়ে ৭টা থেকে তারা ভোট পর্যবেক্ষণ শুরু করেছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রের নিজস্ব সিসি ক্যামেরার পাশাপাশি দায়িত্বরত সদস্যদের বডি ওর্ন ক্যামেরা, ড্রোন ও বাংলাদেশ বিমান বাহিনীর মানুষবিহীন আকাশযান (UAV) থেকে প্রাপ্ত লাইভ ভিডিওর মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপও ব্যবহার করা হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত প্রায় সাড়ে ১১ লাখ ভোট পড়েছে বলে জানানো হয়।

পর্যবেক্ষণকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আমরা পর্যবেক্ষণ করছি। আপনারাও পর্যবেক্ষণ করে আমাদের জানান।”
এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নজরদারি নিশ্চিত করতে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোট পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। প্রায় পাঁচ লাখ পোলিং কর্মকর্তা দায়িত্বে রয়েছেন।

বডি ওর্ন ক্যামেরার ফিড সরাসরি ইসির কাছে যাচ্ছে, যা প্রয়োজনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়ক হবে।
ইসির সিনিয়র সচিব আরও জানান, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। দুর্গাপূজার সময় ব্যবহৃত নিরাপত্তা অ্যাপটিও আইন-শৃঙ্খলা বাহিনী চালু রেখেছে।
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট কেন্দ্র ৪২ হাজার ৬৫১টি। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত হওয়ায় ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট হচ্ছে না।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৬০টি দলের মধ্যে অংশ নিচ্ছে ৫০টি দল। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন—এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন।

দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। শেরপুর-৩ আসন বাদে ভোট দিচ্ছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন ভোটার।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ৩৯২ জন এবং দেশি পর্যবেক্ষক প্রায় ৪৪ হাজার ৯৯৫ জন দায়িত্ব পালন করছেন। নিবন্ধিত সাংবাদিক প্রায় ৯ হাজার ৭০০ জন, যার মধ্যে বিদেশি সাংবাদিক ১৫৬ জন।
নির্বাচন পরিচালনায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা মিলিয়ে দায়িত্বে রয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন।

আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছেন সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ৯ লাখ ১৯ হাজার ২৮০ সদস্য। পাশাপাশি প্রায় ২ হাজার ১০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়, যা চলবে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

_এজাজ আহম্মেদ