ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরুর পরপরই কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে তিনি ভোট দেন। চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন আহমদ।
এ সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরাও নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে। আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন সে প্রত্যাশা ও স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ এর আগে কক্সবাজার-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
-এমইউএম










