রাজনৈতিক বড় ভাই কিংবা নেতার দাপট ঠেকাতে পেশিশক্তির চেয়ে তথ্য ও জনমতের শক্তিকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দেখছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টে তিনি বলেছেন, নির্বাচিত হলে এলাকায় কোনো রাজনৈতিক দাপট চলতে দেবেন না।
একটি পোস্টে ডা. তাসনিম জারা উল্লেখ করেন, একজন তাকে বলেছেন নির্বাচিত হলে তিনি সৎ থাকতে পারবেন, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক বড় ভাই বা নেতার দাপট থামাতে পারবেন না। এর জবাবে তিনি লেখেন, “এটা কেউ করতে পারলে আমি পারবো।”
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না। বরং প্রয়োজন হয় অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া। তার ভাষায়, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা সবচেয়ে বেশি ভয় পায় পাবলিক এক্সপোজারকে। কোনো অন্যায়ের ঘটনা নিখুঁতভাবে ডকুমেন্ট করে জনসম্মুখে আনলে রাজনৈতিক দলগুলো নিজেরাই বাধ্য হয় তাদের কর্মীদের সামলে রাখতে।
ডা. তাসনিম জারা আরও বলেন, এই কাজের জন্য তার কাছে দুটি গুরুত্বপূর্ণ হাতিয়ার রয়েছে। প্রথমত, এভিডেন্স কীভাবে যথাযথভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয় সে বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা। দ্বিতীয়ত, কোনো ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে সত্য কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো নিজস্ব প্ল্যাটফর্ম।
তিনি লেখেন, “আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো। পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো যায়, কিন্তু তথ্য ও জনমত দিয়ে যে সামাজিক চাপ সৃষ্টি করা সম্ভব, তা উপেক্ষা করার সাধ্য কোনো রাজনৈতিক দলের নেই। দুনিয়ার সবচেয়ে নির্মম স্বৈরশাসকরাও এটা পারেনি।”
এর আগে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ঢাকা-৯-এ কোনো রাজনৈতিক বড় ভাই বা নেতার দাপট আপনাদের ওপর চলবে না। আপনারা নিজের এলাকায় বুক চিতিয়ে, সগৌরবে চলবেন।”
উল্লেখ্য, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
-এমইউএম










