নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলনে করা বিভিন্ন অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভায় নিজ বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ জামায়াত প্রার্থীর উত্থাপিত অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী-৫ আসনের ধানের শীষের প্রধান সমন্বয়ক মোঃ কামাল উদ্দিন চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিকভাবে জনসমর্থন হারিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার এবং জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা ধানের শীষের সদস্য সচিব আবদুল মতিন লিটন।
বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার লক্ষ্যে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভীন কাওছার মুন্নী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে সকলকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।
হামিদুল হক (রিপন), নোয়াখালী










