নির্বাচন সামনে রেখে ‘অবৈধ অর্থ লেনদেন’ নিয়ে প্রশ্ন তুলল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিজয় অনিবার্য জেনে একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মাহদী আমিন প্রশ্ন তোলেন, কী উদ্দেশ্যে এবং কাদের দেওয়ার জন্য ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন নির্বাচনের আগের দিন বিপুল পরিমাণ অর্থ নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। তিনি বলেন, “নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিরোধে যখন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, তখন একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল অর্থ সংগ্রহ করলেন এবং কী উদ্দেশ্যে তা বহন করছিলেন-এটি বড় প্রশ্ন।”

সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটির বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, টানা কয়েক দিন দেশে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার মধ্যে এত বিপুল অর্থ কোনো বৈধ ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহারের দাবি গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষায়, “আচরণবিধি লঙ্ঘনের এই ঘটনা গণবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দলের অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার প্রমাণ।” তিনি আরও বলেন, যারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা বলে, তাদের কাছে প্রশ্ন-“টাকা দিয়ে ভোট কেনা কি সেই অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?”

মাহদী আমিন দাবি করেন, সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা বিচ্ছিন্ন নয়। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকা-১৫, কুমিল্লা, নোয়াখালী ও খুলনাসহ কয়েকটি স্থানে অবৈধ অর্থ লেনদেন ও বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে। গণমাধ্যমের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, কিছু এলাকায় ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির লক্ষ্যে দেশীয় অস্ত্র, বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করা হচ্ছে। সহিংসতা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় জড়িত কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বলেও জানান।

তিনি নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ ছাড়া বোরকা ও নিকাবের অপব্যবহার করে যেন কেউ ভুয়া পরিচয়ে জাল ভোট দিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং কর্মকর্তা বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং নারী এজেন্টের উপস্থিতিতে পরিচয় নিশ্চিত করে ভোট গ্রহণ নিশ্চিত করতে হবে।

মাহদী আমিন বলেন, “এই নির্বাচন কেবল ভোটাধিকার প্রয়োগের বিষয় নয়; এটি দেশের নাগরিক অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই। নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য।” আগামীকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

-বেলাল