পশ্চিমা দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ালে প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।।
বুধবার রুশ আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ল্যাভরভ বলেন, ‘গ্রিনল্যান্ডে যদি সামরিকীকরণ করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক সামরিক সক্ষমতা তৈরি করা হয়, তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নেব। যার মধ্যে সামরিক-প্রযুক্তিগত ব্যবস্থাও থাকবে।’
সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে ছোট ছোট সেনা দল পাঠিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার জানান, তিনি আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান। প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। গত মাসে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। তিনি জানান, ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে একটি ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তিতে পৌঁছেছেন, যার মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো হবে।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নিলে রাশিয়া বা চীন তা নিয়ন্ত্রণে নিতে পারে। ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করতে হবে। ডেনমার্ক গ্রিনল্যান্ডের বাসিন্দাদের ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ হিসেবে বিবেচনা করে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনাতেই তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপস হবে না।
-বেলাল










