ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: সার্বিক প্রস্তুতি সম্পন্ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে সামনে রেখে সারাদেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরা হলো

নির্বাচনী আসন ও দলীয় অবস্থান

মোট ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগসহ মোট ৯টি দলের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না।

প্রার্থী ও ভোটার পরিসংখ্যান

এবারের নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা ২,০২৮ জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন।

দলভিত্তিক প্রার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে বিএনপি (২৯১ জন), ইসলামী আন্দোলন (২৫৮ জন), জামায়াতে ইসলামী (২২৯ জন) ও জাতীয় পার্টি (১৯৮ জন)। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ৯২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারা দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন।

নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৯ লাখ ৫৮ হাজার ১১৭ জন সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে রয়েছেন—

সেনাসদস্য: ১ লাখ

পুলিশ: ১ লাখ ৪৯ হাজার

আনসার ও ভিডিপি: ৫ লাখ ৭৬ হাজার

ভোটগ্রহণ ও পর্যবেক্ষণ

সারা দেশে মোট ৪২ হাজার ৯৫৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা।

নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ৩৫০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২০০ জন প্রতিনিধি রয়েছেন। এছাড়া ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। সংবাদ সংগ্রহের জন্য দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১০ হাজার সংবাদকর্মী মাঠে থাকবেন।

-পলাশ পাল, ময়মনসিংহ