বাংলাদেশের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। দীর্ঘ সাড়ে তিন দশক ধরে এদেশের রাজনৈতিক আকাশ যে দুই মহীরুহকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেই ‘দুই নেত্রী’র যুগের আনুষ্ঠানিক অবসান ঘটতে যাচ্ছে। ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত (তত্ত্বাবধায়ক সরকারের সময় বাদে) প্রায় ৩৪ বছর পর দেশ পেতে যাচ্ছে এক নতুন পুরুষ প্রধানমন্ত্রী।
এক মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি
১৯৯০-এর গণ-অভ্যুত্থানের পর ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে নারী নেতৃত্বের যে জয়যাত্রা শুরু হয়েছিল, ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লব তাতে আমূল পরিবর্তন এনেছে। ৫ আগস্টের গণ-আন্দোলনের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনের বাইরে থাকায় এবং বয়স ও রাজনৈতিক পরিস্থিতির কারণে তার ফেরার সম্ভাবনা প্রায় স্তিমিত। তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ও সম্প্রতি তার মায়ের রাজনৈতিক অবসরের ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির একটি বর্ণাঢ্য ও দীর্ঘ অধ্যায়ের চূড়ান্ত যবনিকা ঘটেছে।
৩৬ বছর পর নতুন সূর্যোদয়
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন এরশাদ আমলের কাজী জাফর আহমেদ (১৯৮৯-১৯৯০)। এরপর দীর্ঘ ৩৬ বছর পর কোনো পুরুষ নেতা প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, রাজনৈতিক বিশ্লেষণে তা প্রায় নিশ্চিত। এটি তার জন্য প্রথম সংসদ নির্বাচন এবং নতুন রাজনৈতিক বাস্তবতায় দলের একক কান্ডারি হিসেবে তাঁর আবির্ভাব।
তাজউদ্দীন থেকে হাসিনা
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন তাজউদ্দীন আহমদ। তিনি ছিলেন বাংলাদেশেরর স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। সর্বশেষ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে দায়িত্বপালনকারী প্রধানমন্ত্রীদের তালিকা নিচে দেওয়া হলো —
• তাজউদ্দীন আহমদ : ১১ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত।
• শেখ মুজিবুর রহমান : ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫ সাল পর্যন্ত।
• মুহাম্মদ মনসুর আলী : ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫ সাল পর্যন্ত।
• শাহ আজিজুর রহমান : ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত।
• আতাউর রহমান খান : ১৯৮৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত।
• মিজানুর রহমান চৌধুরী : (১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত।
• মওদুদ আহমদ : ১৯৮৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত।
• কাজী জাফর আহমদ : ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
• বেগম খালেদা জিয়া : ১৯৯১-১৯৯৬, ১৯৯৬ (স্বল্প সময়ের জন্য) এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত।
• শেখ হাসিনা : ১৯৯৬–২০০১, ২০০৯–২০২৪ সাল পর্যন্ত।
ক্ষমতার কেন্দ্রে নতুন মেরুকরণ
এবারের নির্বাচনে লড়াই করা প্রধান শক্তিগুলোর কোনোটিতেই এখন শীর্ষ নারী নেতৃত্ব নেই। বিএনপির হাল ধরেছেন তারেক রহমান এবং ১১ দলীয় জোটের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর শীর্ষ পদেও রয়েছেন পুরুষ নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমানের মতে, “প্রাকৃতিক এবং রাজনৈতিক কারণেই ক্ষমতার কেন্দ্রে এখন পুরুষ নেতৃত্বের অভিষেক কেবল আনুষ্ঠানিকতা মাত্র।”
-লামিয়া আক্তার










