সংযুক্ত আরব আমিরাতভিত্তিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলায়েমের সঙ্গে মৃত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের যোগাযোগের তথ্য প্রকাশের পর কোম্পানিটির সঙ্গে ভবিষ্যৎ বিনিয়োগ স্থগিত করেছে কানাডার দ্বিতীয় বৃহত্তম পেনশন তহবিল ‘লা ক্যাস’।
মঙ্গলবার এক বিবৃতিতে লা ক্যাস জানায়, ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহীর এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে পূর্ণ ব্যাখ্যা না পাওয়া এবং “প্রয়োজনীয় পদক্ষেপ” না নেওয়া পর্যন্ত তারা কোম্পানিটির সঙ্গে নতুন কোনো বিনিয়োগ করবে না। তবে লা ক্যাস স্পষ্ট করে বলেছে, তারা ডিপি ওয়ার্ল্ডের মূল কোম্পানির শেয়ারহোল্ডার নয়। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বিভিন্ন বন্দর প্রকল্পে তাদের অংশীদার। “বর্তমান পরিস্থিতির কেন্দ্রবিন্দু ব্যক্তি সুলতান আহমেদ বিন সুলায়েম-কোম্পানি নিজে নয়। আমরা কোম্পানিকে পরিস্থিতি স্পষ্ট করা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছি,” বিবৃতিতে বলা হয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিপুল পরিমাণ নথি প্রকাশ করে, যেখানে বিন সুলায়েম ও এপস্টেইনের মধ্যে বহু বছরের যোগাযোগের তথ্য উঠে আসে। এর মধ্যে নারীদের সঙ্গে সম্পর্ক এবং এপস্টেইনের বাসভবনে যাওয়ার পরিকল্পনা সংক্রান্ত আলোচনা ছিল বলে জানা গেছে।
মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট আইনপ্রণেতা রো খানা মঙ্গলবার বলেন, এপস্টেইন-সংক্রান্ত যেসব নথিতে আগে নাম গোপন রাখা হয়েছিল, সেখানে বিন সুলায়েমের নামও রয়েছে। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ তোলেননি তিনি। শুধু নথিতে নাম থাকা মানেই অপরাধে জড়িত থাকা প্রমাণ করে না বলেও উল্লেখ করা হয়।
ডিপি ওয়ার্ল্ড বা বিন সুলায়েম এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড বিশ্বজুড়ে ৬০টিরও বেশি বন্দর ও টার্মিনাল পরিচালনা করে। কানাডায় মন্ট্রিয়াল বন্দরে নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনাসহ ভ্যাঙ্কুভার, ফ্রেজার সারে, নানাইমো, প্রিন্স রুপার্ট ও সেন্ট জন বন্দরে তাদের কার্যক্রম রয়েছে। ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৪৭৩ দশমিক ৩ বিলিয়ন কানাডিয়ান ডলার সম্পদ ব্যবস্থাপনায় থাকা লা ক্যাস ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে ডিপি ওয়ার্ল্ডের জেবেল আলি বন্দর, জেবেল আলি ফ্রি জোন ও ন্যাশনাল ইন্ডাস্ট্রিজ পার্কে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল।










