বিশ্ববাসীর দৃষ্টি এখন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের দিকে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট পর্যবেক্ষণে ইতোমধ্যে ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশে পৌঁছেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আগত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। এছাড়া ২৩৯ জন বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক প্রতিনিধি যাদের মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকরাও রয়েছেন এবং ৫১ জন বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। পরিসংখ্যান অনুযায়ী, দ্বাদশ নির্বাচনে ১৫৮ জন, একাদশ নির্বাচনে ১২৫ জন এবং দশম জাতীয় নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
যেসব সংস্থা ও দেশ পর্যবেক্ষক পাঠিয়েছে
প্রধান সংস্থাগুলোর মধ্যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সচিবালয় থেকে ২৭ জন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ জন পর্যবেক্ষক এসেছেন। এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি), ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস (আইসিএপিপি) এবং ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস থেকেও প্রতিনিধি এসেছে।
ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশ থেকেও পর্যবেক্ষকরা অংশ নিচ্ছেন। উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে— পাকিস্তান (৮), ভুটান (২), শ্রীলঙ্কা (১১), নেপাল (১), ইন্দোনেশিয়া (৩), ফিলিপাইন (২), মালয়েশিয়া (৬), জর্ডান (২), তুরস্ক (১৩), ইরান (৩), জর্জিয়া (২), রাশিয়া (২), চীন (৩), জাপান (৪), দক্ষিণ কোরিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২) ও নাইজেরিয়া (৪)।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন সংস্থার ৫১ জন পর্যবেক্ষক ব্যক্তিগতভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ বলেন, “বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সাড়া আমাদের অভিভূত করেছে। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।” তিনি আরও বলেন, আগত পর্যবেক্ষকদের উচ্চ যোগ্যতা ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
অংশ নিচ্ছেন বিশ্বনেতারাও
উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো, ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল এবং যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক সরকারি ডেপুটি চিফ হুইপ লর্ড রিচার্ড নিউবি। এছাড়া মালয়েশিয়া ও ইরানের উচ্চপদস্থ প্রতিনিধিরাও পর্যবেক্ষক তালিকায় রয়েছেন।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে দুই হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ নির্বাচনের পাশাপাশি একই দিনে জুলাই জাতীয় সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে।
-এমইউএম










