রুশ ‘হুমকি’ মোকাবিলায় নরওয়েতে ব্রিটিশ সেনা দ্বিগুণ করছে যুক্তরাজ্য

রাশিয়ার ক্রমবর্ধমান তৎপরতা মোকাবিলায় আগামী তিন বছরের মধ্যে নরওয়েতে মোতায়েন ব্রিটিশ সেনা সদস্যের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বর্তমানে প্রায় ১,০০০ সেনা সদস্য সেখানে অবস্থান করছেন, যা বাড়িয়ে ২,০০০ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। খবর বিবিসির।

ন্যাটো মিত্রদের মধ্যে আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক উপস্থিতি বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে। মস্কো শীতল যুদ্ধ-পরবর্তী সময়ে পরিত্যক্ত ঘাঁটি পুনরায় চালু করা এবং ওই অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার করেছে বলে অভিযোগ রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী হিলি বলেন, “প্রতিরক্ষার চাহিদা বাড়ছে এবং শীতল যুদ্ধের পর এই প্রথম আর্কটিক ও হাই নর্থ অঞ্চলের নিরাপত্তায় রাশিয়া সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে।”

আর্কটিক সেন্ট্রি উদ্যোগ

পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের প্রস্তাবিত ‘আর্কটিক সেন্ট্রি’ কর্মসূচির আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য আর্কটিক অঞ্চলে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা। এটি ন্যাটোর বিদ্যমান ‘বাল্টিক সেন্ট্রি’ ও ‘ইস্টার্ন সেন্ট্রি’ উদ্যোগের আদলে গড়ে তোলা হবে। আগামী মার্চে ন্যাটোর ‘এক্সারসাইজ কোল্ড রেসপন্স’ মহড়ায় ১,৫০০ রয়্যাল মেরিন কমান্ডো অংশ নেবেন। নরওয়ে, ফিনল্যান্ড ও সুইডেনে অনুষ্ঠিতব্য এই বৃহৎ মহড়ায় চরম শীতল পরিবেশে যৌথ বাহিনীর সক্ষমতা যাচাই করা হবে। এছাড়া সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের নেতৃত্বাধীন যৌথ অভিযাত্রী বাহিনী  ‘লায়ন প্রোটেক্টর’ নামে একটি মহড়া পরিচালনা করবে। এতে ইউরোপের কয়েকটি দেশের বিমান, স্থল ও নৌবাহিনী অংশ নেবে। নরওয়ে, আইসল্যান্ড ও ড্যানিশ প্রণালিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা ও নাশকতা প্রতিরোধের অনুশীলন করা হবে।

সাবমেরিন ও পানির নিচের অবকাঠামো নিয়ে উদ্বেগ 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ন্যাটো দেশগুলো বিশেষ করে পানির নিচের কেবল ও পাইপলাইনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। গত বছর যুক্তরাজ্য ও নরওয়ে সমুদ্রতলের কেবল সুরক্ষায় একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় দুই দেশের নৌবাহিনী যৌথভাবে রুশ সাবমেরিন তৎপরতা নজরদারি করবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে ব্রিটিশ জলসীমায় রুশ সাবমেরিনের উপস্থিতি ৩০ শতাংশ বেড়েছে। উত্তর আটলান্টিকে রুশ সাবমেরিন কার্যক্রম এখন শীতল যুদ্ধের সময়কার মাত্রায় ফিরে গেছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

-বেলাল