পঞ্চগড়-২ আসনে চাঁদামুক্ত না চাঁদাযুক্ত এমপি দেখতে চান, ১২ তারিখ ভোট দিয়ে প্রমাণ করুন—এমন মন্তব্য করেছেন পঞ্চগড় দুই আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামী প্রার্থী সফিউল্লাহ সুফি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বোদা উপজেলা ধানহাটি মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আপনারা সাধারণ ভোটাররাই আগামী ১২ তারিখের প্রধান বিচারক। অন্যায়, জুলুম, ভূমি দখল, ঘুষ-দূর্নীতি মুক্ত পঞ্চগড়-২ গঠন করতে আপনাদের সহযোগিতা চাই। কাজেই চাদাবাজ না ভালো মানুষকে ভোট দিবেন—সেই বিচার আপনাদের কাছে দিলাম। গত ৫ আগস্টের পর এই এলাকায় চাদাবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য করে পরিবেশ নষ্ট করেছে কারা, বিভিন্ন মামলায় মানুষকে হয়রানি ও বাড়িছাড়া করেছে কারা—আপনারা ভালো জানেন। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অন্যায়কারী, চাদাবাজ, জুলুমবাজকে মানুষ ভোট দেবেনা, এটা আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “যুগ যুগ ধরে এই এলাকায় হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করি। এখন সনাতনী ভাইদের দাড়িপাল্লা প্রতীকে ভোট দেবে বুঝতে পেরে তারা সনাতনী ভাইদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, এ বিষয়ে সাবধান থাকবেন। আমি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি নই, আমি ব্যবসা করি এবং কৃষিকাজ করি। ইনশাআল্লাহ, আপনাদের ভোটে এমপি হলে সরকার থেকে প্রাপ্ত সম্মানি মসজিদ-মন্দিরে দান করবো। সঠিক নেতৃত্ব না থাকায় বিগত দিনে পঞ্চগড়-২ আসনে ন্যায় প্রতিষ্ঠা হয়নি। আমি নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব।”
উপজেলা জামায়াতের আমীর জাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামায়াত নেতা ব্যারিস্টার হিমুসহ উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। পরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল্লাহ সুফির নেতৃত্বে একটি নির্বাচনি মিছিল ধানহাটি থেকে বের হয়ে বোদা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় কয়েক সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
-আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়










