অন্তর্বর্তী সরকার চালু করলো প্রবাসী-বান্ধব ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’

অন্তর্বর্তী সরকার প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদার করা, দেশে বিনিয়োগ ও সুযোগ অন্বেষণে তাদের সম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে। একই সঙ্গে যাতায়াতে স্বচ্ছতা ও অনিয়ম রোধে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’ও চালু হয়েছে।

মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে।

‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি সরকারি ও নাগরিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন। অন্যদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস, রেল ও বিমান টিকিট কেনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বিশেষ করে ঈদসহ উৎসবের সময় টিকিট সংকট ও অনিয়ম কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা এই দুটি প্ল্যাটফর্ম চালুর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং বলেন, সরকারের সেবা যেন নাগরিকরা ঝামেলাহীনভাবে পান এটাই মূল লক্ষ্য। তিনি এটিকে একটি সূচনা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে উদ্যোগটি আরও বিস্তৃত করতে ও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলেও মন্তব্য করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচিত সরকারও এই উদ্যোগকে আরও এগিয়ে নেবে।

-এমইউএম