রাজপাল যাদবের পাশে অভিনেতা সোনু

বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব বর্তমানে জীবনের এক কঠিন সময় পার করছেন। ঋণখেলাপির দায়ে দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে তিনি তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতার পর অবশেষে আদালতের কড়া অবস্থানের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন অভিনেতা। তবে এই প্রতিকূল সময়ে যখন ইন্ডাস্ট্রির অনেকেই নীরব, তখন সহকর্মী হিসেবে তার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ।

মামলার সূত্রপাত এম.এস মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা একটি অভিযোগ থেকে। অভিযোগ অনুযায়ী, রাজপাল যাদব ও তার স্ত্রী সংস্থাটি থেকে প্রায় ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন তারা। পরবর্তীতে ঋণ পরিশোধের জন্য দেওয়া চেক বাউন্স করলে ২০১৮ সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত তাদের দোষী সাব্যস্ত করে।

এরপর থেকেই আইনি লড়াই চলছিল। সম্প্রতি রাজপাল যাদব আদালতের কাছে ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত সময় প্রার্থনা করেন। তবে দিল্লি হাইকোর্ট তার আবেদন সরাসরি প্রত্যাখ্যান করে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগেও একাধিকবার সময় দেওয়া হলেও তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। ফলে ২ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি আত্মসমর্পণ করেন। যদিও আত্মসমর্পণের পর ঋণ পরিশোধের কোনো বিকল্প আইনি পথ খোলা আছে কি না, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

এমন পরিস্থিতিতে রাজপাল যাদবের পাশে দাঁড়িয়ে মানবিক বার্তা দিয়েছেন সোনু সুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমাদের দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা হলেন রাজপাল। দীর্ঘ সময় ধরে তিনি অসাধারণ সব কাজ উপহার দিয়েছেন। কিন্তু কখনও কখনও সময় এতটাই বিরূপ হয় যে সবকিছু ওলট-পালট হয়ে যায়।”

সোনু সুদ আরও জানান, তার আসন্ন ছবিতে রাজপাল যাদব অভিনয় করবেন। তিনি মনে করেন, এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। তার ভাষায়, “আমার মনে হয় এটাই সেই সময়, যখন পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের এক হওয়া দরকার। আমাদের কেউ সমস্যায় পড়লে তাকে এটা বোঝানো জরুরি যে তিনি একা নন। তবেই আমরা বিশ্বকে দেখাতে পারব যে এই ইন্ডাস্ট্রিতে পেশাদারিত্বের ঊর্ধ্বে আরও কিছু রয়েছে—সেটি হলো মানবিকতা।”

রাজপাল যাদব বলিউডে তার অসাধারণ কৌতুক অভিনয়ের জন্য দীর্ঘদিন ধরে দর্শকের মন জয় করে আসছেন। জীবনের এই দুর্দিনে সহকর্মীর সমর্থন নিঃসন্দেহে তার জন্য এক বড় মানসিক শক্তি। এখন দেখার বিষয়, আইনি জটিলতা কাটিয়ে তিনি কবে আবার পূর্ণ উদ্যমে রূপালি পর্দায় ফিরে আসেন।

-বিথী রানী মণ্ডল