বিশ্বকাপে উসমান তারিকের “অদ্ভুত” বোলিং অ্যাকশন

পাকিস্তানের স্পিনার উসমান তারিক আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং পারফরম্যান্সের চেয়ে তার বোলিং অ্যাকশন নিয়েই বেশি আলোচিত। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচে নামেই দলকে সর্বোচ্চ তিন উইকেট এনে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন। এখন সামনে তার “ভারত পরীক্ষা” যেখানে ভারতীয় ভক্তরা তার অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে তাকে মানসিকভাবে চাপ দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে উসমান নিজে ভেঙে পড়ছেন না; তার দাবি, এই ম্যাচে চাপ থাকবে ভারতের ওপর।

উসমান প্রথমবার ক্রিকেট বিশ্বে ব্যাপক নজরে আসেন তার বোলিং অ্যাকশনের কারণে। তার অফব্রেক ডেলিভারির রান-আপ সাধারণ, কিন্তু বল ছাড়ার মুহূর্তে তিনি প্রায় দুই সেকেন্ড থমকে দাঁড়ান। তারপর স্লিঙ্গিং সাইড-আর্ম অ্যাকশনে বল ছুড়ে দেন। এই অনন্য স্টাইলে পিএসএলের দুই আসরে এক বছরে দুইবার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কিন্তু দুইবারই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বোলিং চালিয়ে যান।

বিশ্বকাপ শুরুর আগে ধারণা করা হচ্ছিল, ভারত-পাকিস্তান ম্যাচে একবারে তাকে খেলানো হবে। তবে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাকে মাঠে নামিয়ে প্রস্তুত করা হয়। সেরা বোলিং করার পর এখন তিনি ভারতীয় ভক্তদের মধ্যেও শোরগোল সৃষ্টি করেছেন।

ভারতীয় সমর্থকদের আলোচনা নিয়ে জানতে চাইলে উসমান বলেন, “আমার ধারণা, চাপটা তাদের ওপরেই বেশি থাকবে। কারণ তারা যেভাবে এগুলো নিয়ে আলোচনা করছে মানে তারা যদি কেবল আপত্তির খাতিরেই বিষয়টি নিয়ে পড়ে থাকে তবে সেটা প্রমাণ করে তারা হয়তো বাড়তি চাপে আছে। আমি আমার খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। মিডিয়া বা অন্য কোথাও কী হচ্ছে, তা নিয়ে আমার কোনো ধারণা নেই। বিষয়টা খুব সাধারণ, আমি শুধু আমার ক্রিকেট আর অনুশীলনে মনোনিবেশ করছি।”

উসমান ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটিকে বিশেষভাবে না দেখে দলকে পরিকল্পনা সহজ রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আমি মনে করি আমরা যে রেকর্ডগুলো লিখে রাখি, সেগুলো যেখানে আমরা হারতে শুরু করেছি সেখান থেকে না গুনে একদম শুরু থেকে গোনা উচিত। আপনি যদি শুরু থেকে দেখেন, তবে প্রথম থেকেই আমাদের রেকর্ড বেশ ভালো। তাই আমাদের সেগুলোও হিসাব রাখতে হবে, কারণ সেগুলোও তো শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল।
আর সামনে যে ম্যাচটি আসছে, সেটির ব্যাপারে আমাদের সবার ফোকাস একটাই যেকোনো ম্যাচেই আমাদের সেরাটা দিতে হবে। এভাবে আমাদের এই বিশ্বকাপ জিততে হবে এবং সবার জন্য এটিকে স্মরণীয় করে রাখতে হবে।

তাই আমার কাছে বা দলের কাছে এটি স্রেফ একটি সাধারণ ম্যাচ। কারণ, যখন আপনি মাথার মধ্যে অতিরিক্ত উত্তেজনা বা ওই জাতীয় কিছু বয়ে বেড়াবেন, তখন কাজটা কঠিন হয়ে যায়; তার চেয়ে সব কিছু সহজ রাখা ভালো। শুধু পরিকল্পনায় অটল থাকা, এটুকুই।”

-এমইউএম