বিশ্বকাপের মাঝেই টিম ইন্ডিয়ার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে অভিশেক শর্মার অসুস্থতা। প্রথম ম্যাচের পর পুরস্কার বিতরণীতে অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, অভিশেক পুরোপুরি সুস্থ নন কিন্তু তখন এটি যে এত গুরুতর হবে, তা কেউ ভাবেনি। এখন জানা গেছে, পেটের সংক্রমণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা যায়, গত দুই দিন ধরে হাসপাতালে রয়েছেন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান অভিশেক শর্মা। এই অবস্থায় নামিবিয়ার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে তার খেলতে পারা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিশেক প্রথম বলেই আউট হন। ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন তিনি। এরপর আর ফিল্ডিং করেননি। ম্যাচের পর সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে জানালেন, অভিশেক পেটে সমস্যা নিয়ে ভুগছেন এবং দুই-তিন দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
তবে যদি অভিশেক নামিবিয়ার বিপক্ষে খেলতে না পারেন, তাহলে ইনিংস শুরু করবেন সাঞ্জু স্যামসন। নিজের ফর্ম হারিয়ে দলের একাদশে জায়গা হারিয়ে ফেলেছেন তিনি; কিন্তু এই ম্যাচে আবার সুযোগ পেতে পারেন।
ভারতের জন্য একটি সুখবর হলো, জ্বর কাটিয়ে ফিরে এসেছেন জাসপ্রিত বুমরাহ। মঙ্গলবার দিল্লিতে দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন এই বোলিং আক্রমণের মূল অস্ত্র। এছাড়া চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দারও। ব্যাটিং-বোলিং দুটোই অনুশীলন করেছেন তিনি। তবে এই স্পিনিং অলরাউন্ডারের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা এখনো কম।
-এমইউএম










