বাইপাস সড়ক নির্মাণ ও যানজট নিরসনের প্রতিশ্রুতি দিয়ে কুলাউড়ায় শকুর নির্বাচনী ইশতেহার

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকু তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, সাবেক বিএনপি নেতা এস এম জামান মতিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টুসহ দলের নেতৃবৃন্দ।
লিখিত ইশতেহারে শওকতুল ইসলাম শকু বলেন, দলমত নির্বিশেষে বৈষম্যহীন, আধুনিক ও মানবিক কুলাউড়া গড়ে তোলাই তার লক্ষ্য। উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি। তিনি যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়ন, মানসম্মত শিক্ষা, যুব ও ক্রীড়া উন্নয়ন, কৃষকের অধিকার নিশ্চিত, নদীভাঙন রোধ, সুপেয় পানির ব্যবস্থা, পর্যটন শিল্প বিকাশ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেন।
-আব্দুল কালাম, কুলাউড়া (মৌলভীবাজার)