নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে একটি ডুবায় পাওয়া গেল ছাত্রলীগ নেতা আজিমুল কাদের ভূঁইয়া আজিমের (৪৫) বস্তাবন্দী লাশ। বৃহস্পতিবার বেলাব থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা আজিমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, নিহত ছাত্রলীগ নেতা আজিম বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের লালপুকুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি বেলাব উপজেলার ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বাজনাব ইউনিয়ন থেকে স্বতন্ত্র থেকে ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এলাকাবাসী ও নিহতের পরিবারের স্বজনরা জানান, গত ২৭ জানুয়ারি মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা আজিমুল কাদের ভূ্ইঁয়া তার বাড়ির পাশের পোল্ট্রি ফার্মে যায়। সেখান থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন তিনি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার তারই ভাগিনা ওমর ফারুক বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বৃহস্পতিবার রাতে স্থানীয়রা নাগেরবাজার পোল্ট্রি খামারের পাশে একটি ডুবায় বস্তাবন্দী অবস্থায় মরদেহ দেখতে পেয়ে বেলাব থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ডুবা থেকে ছাত্রলীগ নেতার আজিমের মরদেহ উদ্ধার করে।
বেলাব থানার ওসি (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, নিহত আজিমুল ভূঁইয়া নিখোঁজ হবার পর থানায় জিডি করা হয়। জিডির প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে। খবর পেয়ে ডোবা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
-সাইমুন










