ট্রাম্প হুঁশিয়ারি: ডেট্রয়েট-কানাডা নতুন সেতু খোলার পথ বন্ধ করতে পারেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে কানাডা ও যুক্তরাষ্ট্রকে সংযোগকারী নতুন সেতুটি খুলতে তিনি বাধা দিতে পারেন। ট্রাম্প দাবি করেছেন, কানাডাকে অন্তত সেতুর অর্ধেক মালিকানা যুক্তরাষ্ট্রকে দিতে হবে এবং আরও কিছু অজানা শর্ত পূরণ করতে হবে। খবর আলজাজিরার।

“যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে দেওয়া সবকিছুর পূর্ণ ক্ষতিপূরণ পাওয়া যায়নি এবং আমরা যুক্তরাষ্ট্রের প্রতি ন্যায্য ও সম্মানজনক আচরণ দেখাতে না পারি, ততদিন আমি এই সেতু খোলার অনুমতি দেব না,” ট্রাম্প সোমবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। তিনি আরও উল্লেখ করেছেন, “আমরা এখনই আলোচনার শুরু করব। আমরা যা কিছু দিয়েছি, তাতে আমরা অন্তত অর্ধেক এই সম্পত্তির মালিক হওয়া উচিত।”

৪.৬ বিলিয়ন ডলারের গর্ডি হোয়ে ইন্টারন্যাশনাল ব্রিজটি ডেট্রয়েট, মিশিগানকে কানাডার উইন্ডসরের সঙ্গে যুক্ত করছে। এই সেতু ২০২৬-এর প্রথম দিকে খোলার কথা। সেতুটি মূলত অ্যাম্বাসেডর ব্রিজের অতিরিক্ত ট্রাক চলাচল সহজ করার জন্য নির্মাণ করা হয়েছে। মিশিগানের ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিন সতর্ক করে বলেছেন, “প্রকল্প বাতিল করলে মিশিগানের ব্যবসায়ীদের খরচ বাড়বে, সরবরাহ চেইন অস্থিতিশীল হবে এবং চাকরির সুযোগ কমবে।”

ট্রাম্পের এই হুঁশিয়ারি কানাডার সঙ্গে তার দ্বিতীয় মেয়াদে বেশ কয়েকটি বিতর্কের অংশ, যার মধ্যে আমদানি শুল্ক বৃদ্ধি এবং বিমানের ক্ষেত্রে হুমকি উল্লেখযোগ্য।

-বেলাল হোসেন