নোয়াখালী-৫ আসনে অধ্যক্ষ বেলায়েত হোসেনের সংবাদ সম্মেলন

নোয়াখালী-৫ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ বেলায়েত হোসেন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, নির্বাচনী এলাকায় তার কর্মী-সমর্থকদের নানা ধরনের হয়রানি ও বাধার সম্মুখীন হতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে, যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থী।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হামিদুল হক, নোয়াখালী