দেশের উন্নয়ন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ দুর্নীতি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। তিনি বলেন, ‘বরাদ্দ সঠিকভাবে ব্যয় না হলে সাধারণ মানুষ সুফল পায় না। জামায়াতে ইসলামের রাজনীতির মূল ভিত্তি হলো আল্লাহভীতি ও জবাবদিহিতা। ক্ষমতা একটি আমানত এই বিশ্বাস থেকেই আমরা দুর্নীতিমুক্ত রাজনীতিতে বিশ্বাস করি।’
চট্টগ্রামের সাংবাদিকদের সাথে আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের চট্টগ্রাম মহানগর, জেলাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকার সার্বিক উন্নয়ন, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন এই চিকিৎসক প্রার্থী।
স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করবেন। এসব হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসক ও নার্স থাকবেন, যাতে সাধারণ রোগের চিকিৎসা স্থানীয়ভাবেই সম্ভব হয়। মানুষ যেন কাছাকাছি চিকিৎসা পায়, সেটাই আমার লক্ষ্য। ২৪ ঘণ্টা সেবা দেওয়ার চেষ্টা থাকবে, না পারলেও সকাল থেকে রাত পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। তাছাড়া সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। তাই খণ্ড খণ্ড প্রকল্প না যে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেব। ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ, খাল উদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।’
ডা. এ কে এম ফজলুল হক আরও বলেন, ‘ফ্লাইওভার, ওভারব্রিজ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলেও কোথাও কোথাও যানজট আরও বেড়েছে। উন্নয়ন তখনই সফল, যখন তা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে। পরিকল্পিত ট্র্যাফিক ব্যবস্থা, বিকল্প সড়ক, সুশৃঙ্খল পার্কিং ও আধুনিক গণপরিবহণ ছাড়া যানজট নিরসন সম্ভব নয়। বস্তিবাসীদের উচ্ছেদ নয়, বরং পরিকল্পিতভাবে আধুনিক আবাসিক এলাকায় রূপান্তর করতে হবে। এতে নগরীর সৌন্দর্য বাড়বে এবং মানুষের জীবনমান উন্নত হবে।’
সভায় চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নসহ জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
-সাইমুন










