রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র গঠন, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘রেনোভেশন অ্যান্ড এনরিচমেন্ট বগুড়া-৬’ শীর্ষক এ সভায় বগুড়ার উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার টিএমএসএস মহিলা মার্কেট হলরুমে এ আয়োজনে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী, গ্রামীণ উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ও দেশ গড়ার পরিকল্পনা কমিটির সদস্য ড. মো. আব্দুল মজিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. আব্দুর রব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খাইরুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের চিন্তা, গবেষণা ও উদ্ভাবনী ধারণা বগুড়ার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমৃদ্ধ, আধুনিক ও উন্নত বগুড়া গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ সময় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এ অনুষ্ঠানের আয়োজন করেন।

-সাইমুন