লেবাননের সশস্ত্র শাখাসম্পন্ন রাজনৈতিক গোষ্ঠী আল-জামা আল-ইসলামিয়া অভিযোগ করেছে, দক্ষিণ লেবাননে সীমান্ত পার অভিযান চালিয়ে তাদের এক শীর্ষ নেতাকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী।খবর আলজাজিরার।
সোমবার গোষ্ঠীটি জানায়, ইসরায়েলি সেনারা হসবাইয়া জেলার নিজ বাসভবন থেকে তাদের কর্মকর্তা আতউই আতউইকে ধরে নিয়ে যায় এবং তার অবস্থান এখনো অজানা। গোষ্ঠীটি এ ঘটনাকে ইসরায়েলি বাহিনীর “অনুপ্রবেশ” বলে নিন্দা জানিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ভোররাত প্রায় ৪টার দিকে ইসরায়েলি সেনারা ওই এলাকায় প্রবেশ করে আতউইকে অপহরণ করে। আতউই দক্ষিণ লেবাননের হিব্বারিয়েহ গ্রামের সাবেক মেয়র ছিলেন।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা একটি “টার্গেটেড অভিযান” চালিয়ে এক “জ্যেষ্ঠ সন্ত্রাসীকে” আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলের ভেতরে নেওয়া হয়েছে বলে জানানো হয়। সেনাবাহিনীর দাবি, আল-জামা আল-ইসলামিয়া উত্তর ইসরায়েলে হামলায় জড়িত ছিল। ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি অনুযায়ী, ইসরায়েলের লেবানন ভূখণ্ড থেকে সরে যাওয়ার কথা থাকলেও দেশটি এখনো পাঁচটি কৌশলগত এলাকা দখলে রেখেছে।
এদিকে, লেবাননের অভিযোগ-সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল একাধিক লেবানিজ নাগরিককে অপহরণ করেছে। হিজবুল্লাহর এক আইনপ্রণেতা সম্প্রতি দাবি করেন, ইসরায়েল বর্তমানে অন্তত ২০ জন লেবানিজ নাগরিককে আটক করে রেখেছে। এছাড়া সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একটি শিশুসহ তিনজন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। হামলাটি টাইর জেলার ইয়ানুহ শহরের একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হয়।
-বেলাল হোসেন










