সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচিতে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।আজ শুক্রবার বিকালে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার মাঠ এলাকায় একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই সভাস্থলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত হয়।
সরেজমিনে দেখা যায়, নির্বাচনী মাঠে বিএনপির এই প্রার্থীশেখ মোঃ আব্দুল্লাহ এখন পুরোদমে গণসংযোগে ব্যস্ত। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিদিনই তিনি ছুটে বেড়াচ্ছেন হাটে-বাজারে, ভোটারদের বাড়ি বাড়ি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক সংস্কার, কৃষির আধুনিকীকরণ থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থানের মতো নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের সামনে। দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, চিকিৎসা, নাগরিক সমস্যা দূর করাসহ নানা সংকটে মানুষের পাশে থাকায় ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন ধানের শীষের প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ । বক্তৃতায় তিনি জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মানিছ উদ্দিনের সভাপতিত্বে ও বাসাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে.এম শাহ জামালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, কেন্দ্রীয় স্বেচ্চাসেবকদল সহ-সভাপতি ডাঃ মো ঃ জাহিদ,সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফরহাদ, উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার, মোঃ গোলাম আব্বাস,মোস্তাফিুজর রহমান রিপন প্রমুখ। পথসভায় ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-সাইমুন










