‘জনম জনমে’র গানেও জনপ্রিয় কণা-ইমরান

সিনেমা ও নাটকের গানে জুটি হিসেবে এই সময়ে দারুণ জনপ্রিয় কণা-ইমরান জুটি। কেউ কেউ এই জুটিকে গানে সময়ের সেরা জুটি হিসেবেও বিবেচনা করেন। সিনেমায় তারা জুটি হিসেবে যেমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ঠিক তেমনি নাটকেও তারা অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আবারো তারা দুজন নাটকে আরো একটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন। অর্থাৎ গানটি প্রকাশ পাবার পর শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

কিছুদিন আগে ইউটিউবে প্রকাশ পায় মোঃ তৌফিকুল ইসলাম পরিচালিত ইয়াশ রোহান ও নাজনীন নীহা অভিনীত ‘জনম জনমে’ নামের একটি নাটক। এই নাটকেই ‘বন্ধুয়া’ শিরোনামের একটি গান গেয়েছেন কণা ইমরান। এই গানটিই ইউটিউবে গত ৩১ জানুয়ারি প্রকাশিত হয়।

গানটি লিখেছেন গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর সঙ্গীত করেছেন সজীব। এরইমধ্যে গানটি ১৪ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। দিললাম নাহার কণা বলেন, ‘জনম জনমে নাটকটি আমি দেখেছি। গল্পের সঙ্গে সমন্বয় রেখেই বন্ধুয়া গানটি করা। গানটির কথা ও সুর খুব সুন্দর। সবসময়ই নতুন গান গাওয়ার সময় চেষ্টা করি নিজের সেরাটুকু দিয়েই গাইতে। শ্রোতা দর্শকের মাঝে আমার এবং ইমরানের গানের প্রতি একটা আলাদা টান রয়েছে। যে কারণে আমরাও চেষ্টা করি সিনেমায় হোক বা নাটকেই হোক নতুন মৌলিক গান হলে তা মন দিয়ে গাইতে যেন গানটি শ্রোতা দর্শকের ভালোলাগে। বন্ধুয়া গানটি প্রকাশের পর শ্রোতা দর্শকের ভালোলাগছে, এটাই আমাদের প্রাপ্তি।’

ইমরান বলেন, ‘কণা আপার সঙ্গে এর আগেও আমার অনেক গান গাওয়া হয়েছে। সিনেমায় নাটকে অনেক জনপ্রিয় গান রয়েছে। গানগুলো আমাদের জন্য জন্য ইতিবাচক প্রভাবই বয়ে আনে। বিশেষত স্টেজ শোতে ভক্তদের অনুরোধ থাকে সেসব গান গাইবার। আর মৌলিক গান হিট হলে বা সুপারহিট হলে সেটা আমাদের জন্যই অনেক পজিটিভ ভাইভ ক্রিয়েট করে। স্টেজ শোতে সেসব গানের আবেদন থাকে। আশা করছি জনম জনমের এই গানটিও স্টেজ শোতে চাহিদা বাড়বে পারফর্ম্যান্সের ক্ষেত্রে। কণা আপা এবং আমি সবসময়ই চাই সিনেমায় বা নাটকে মন দিয়ে গান গাইতে। বন্ধুয়া গানটির শ্রোতা প্রিয়তা আরো অনেক বাড়বে বলেই আমি বিশ্বাস করি।’

এদিকে এরইমধ্যে কণা ও ইমরান নতুন বছরের শুরুতে বেশ কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। ইমরান আগামী ২ মে অষ্ট্রেলিয়ার সিডনী যাচ্ছেন পারফর্ম করতে, সঙ্গে যাচ্ছে তার ব্যাণ্ডদল আইকিংস।

মাহমুদ সালেহীন খান